65 জন পড়েছেন
বগুড়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতের পৃথক অভিযানে সদর উপজেলার খান্দার ও বাদুরতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া সদর উপজেলার মালগ্রাম চাপড়পাড়া এলাকার মো. বাবলু প্রাংয়ের ছেলে মো. পারভেজ (৩১) এবং বাদুরতলা এলাকার মৃত ইয়াছিন ফকিরের স্ত্রী মোছা. বেদেনা ওরফে এলিজা (৭২)।
র্যাব-১২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সদর থানাধীন খান্দার পাসপোর্ট অফিসের সামনে এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজকে গ্রেপ্তার করা হয়। তিনি জিআর মামলা নং-১১৫২/২২ (সদর), প্রসেস নং-২১৬/২০২৬-এর মাদক মামলায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক) ধারায় এক বছর সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও সাত দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, একই দিন রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে সদর থানাধীন বাদুরতলা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে বেদেনা ওরফে এলিজাকে গ্রেপ্তার করা হয়। তিনি জিআর মামলা নং-৮৩৯/১৫ (সদর), প্রসেস নং-২০৯/২০২৬-এর মাদক মামলায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৭(ক) ধারায় এক বছর দুই মাস সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
র্যাব-১২-এর সিপিএসসি বগুড়া জানায়, গ্রেপ্তার দুই আসামিই সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।